স্টাফ রিপোর্টার : অস্ত্র উঁচিয়ে যখন কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসে, তখন গণতন্ত্র আসে না। ৫০ বছরের ইতিহাসে এ দেশে এটাই দেখা যাচ্ছে। নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার রাজনৈতিক নেতাদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম পলিটিক্স ম্যাটারস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘পলিটিক্স ম্যাটারস’ প্ল্যাটফর্ম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি হলো একটা ব্রত। রাজনীতির কর্মীরা সেটা জানে না। কারণ, তাদের সেভাবে তৈরি করা হয়নি। মানুষের মানবিকতা, মমত্ববোধ কমছে। একজন রাজনৈতিক কর্মীর দ্বায়িত্ব হলো দেশ ও দেশের মানুষ নিয়ে ভাবা। মানবিকতা না থাকলে কোনো উন্নয়ন টেকসই হয় না। রাজনৈতিক কর্মীরাই এগিয়ে নেবে এ সমাজকে। গণতান্ত্রিক সরকারই রাষ্ট্র চালাচ্ছে। অস্ত্র উঁচিয়ে যখন কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসে, তখন গণতন্ত্র আসে না। ৫০ বছরের ইতিহাসে এ দেশে এটাই দেখা যাচ্ছে। নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে, একটি গণতান্ত্রিক সরকার পাবে এদেশের মানুষ। এরআগে তিনি বলেছেন, গণতন্ত্র মঞ্চ নামে ৭ দলীয় জোট রাজনীতিতে গুরুত্বহীন। ঢাকায় মন্ত্রী তার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সোমবার জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাত দলের ‘গণতন্ত্র মঞ্চ’ জোট গঠনে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।








