গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) এবং সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন মিয়া বিকেলে নিজের বাড়ির টিনের চাল পরিষ্কার করতে ওঠেন। এসময় ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে লিকেজ থাকায় পুরো টিনের চালায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে মিলন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার চাচা ইয়াকুব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশী মোশারফ হোসেন ছুটে গিয়ে তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে ফেলেন এবং তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, নিহত মোশারফ হোসেনের বাবা একরাম আলী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।








