সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা হয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি মারা হয়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে সোলায়মান হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে আনিসুল হককে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন ব্যক্তি তাকে বেধড়ক কিল-ঘুষি মারেন।
এ সময় আদালত পুলিশের সদস্যরা হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়ে দ্রুত প্রিজন ভ্যানে তুলে দেন। এ ঘটনার একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম প্রথম আলোকে জানান, সোলায়মান হত্যা মামলায় সিআইডি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি কিল-ঘুষি মারার বিষয়টি নাকচ করে বলেন, “তাকে কেউ কিল-ঘুষি মারেনি, তবে কিছু আইনজীবী হুজুগে উত্তেজিত হয়ে ছিলেন।” পরে আদালত আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সোলায়মান (১৯) মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।








