গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সোমবার গাজায় সংঘটিত সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সময় যেসব অনাকাঙ্ক্ষিত ও বেআইনি ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। প্রেস সচিব বলেন, “এই ধরনের হামলা ও ভাঙচুর দেশের জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য হুমকি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”
বিবৃতিতে আরও জানানো হয়, “গত রাতে অভিযানের মাধ্যমে দোষীদের ধরার চেষ্টা চালানো হয়েছে। বিক্ষোভ চলাকালে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। কেউ যদি এ বিষয়ে কোনো সহায়তামূলক তথ্য জানাতে পারেন, তাদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “যারা সমাজের শান্তি ও স্থিতি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”








