শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক

রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর ওই শিক্ষার্থীর মায়ের কাছে ফোন করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত শিক্ষার্থীর নাম সুদীপ্ত রায়। তিনি বারিধারার ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভাটারা থানাধীন শহীদ আব্দুল আজিজ সড়কে অবস্থিত কলেজের হোস্টেলে তিনি থাকতেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে অপহৃত হওয়ার পর শনিবার সন্ধ্যায় সুদীপ্তর বাবা হিমাংশু কুমার রায় ভাটারা থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে হিমাংশু কুমার রায় জানান, শুক্রবার বিকেলে সুদীপ্ত তার মাকে ফোন করে জানায় যে, সে হোস্টেল থেকে বের হয়ে একটু ঘুরতে যাবে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সুদীপ্ত তার কলেজের হোস্টেল সুপার সোয়াশ স্যারকে ফোনে জানায় যে, সে রাতে হোস্টেলে ফিরবে না। তবে রাত ১০টার দিকে সে মাকে ফোনে জানায়, সে মিরপুরে রয়েছে এবং হোস্টেলে ফিরবে।

রাত আড়াইটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি সুদীপ্তর ফোন থেকে তার মাকে ফোন করে জানায়, সুদীপ্ত তাদের জিম্মায় আছে। আগামীকাল (শনিবার) দুপুর ২টার মধ্যে নির্ধারিত স্থানে ৮০ লাখ টাকা নিয়ে না এলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিষয়টি পুলিশ বা অন্য কাউকে জানাতে নিষেধ করা হয়।

এরপর থেকে সুদীপ্তর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে মুক্তিপণের টাকা প্রস্তুত রাখতে বলা হয় এবং জানানো হয় যে, এক ঘণ্টা পর আবার ফোন দেওয়া হবে।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত হোস্টেল থেকে বের হয়ে মিরপুরে গিয়েছিল। আমরা তার সর্বশেষ অবস্থান মিরপুরে পেয়েছি। সে যদি সত্যিই অপহরণের শিকার হয়ে থাকে, তবে মিরপুর থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। যদিও ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, আমরা বিষয়টি তদন্ত করছি এবং শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ