দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা তাদের ২০, ২১ ও ২২ মে কমিশনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে, গাজী সালাউদ্দিনকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে হাজির হতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা, কমিশন বাণিজ্য ও বদলি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে।
এর আগে, ২৭ এপ্রিল ‘যুব অধিকার পরিষদ’ নামের সংগঠনটি দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকে স্মারকলিপি দেয়। ‘মার্চ টু দুদক’ কর্মসূচির আওতায় প্রেস ক্লাব থেকে মিছিল করে দুদকে গিয়ে তারা এসব অভিযোগ তোলে। পাশাপাশি, হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট শফিকুল ইসলামও একই ধরনের অভিযোগ দুদকে দাখিল করেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন এবং ২৫ এপ্রিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানান উপদেষ্টা নিজেই। এদিকে, দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবিকে এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে, পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন নেওয়ার অভিযোগে ২১ এপ্রিল এনসিপি নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকেও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।








