নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের উত্তাল জুলাই মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র-জনতার গণআন্দোলনে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, সেগুলো এবার এক মলাটে প্রকাশিত হচ্ছে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে এই সংকলনগ্রন্থটির নাম— ‘জুলাইয়ের গান’।
বইটিতে জুলাই গণঅভ্যুত্থানের সময়, বিশেষ করে ১৫ জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে র্যাপারদের তৈরি ও পরিবেশিত ৬৩টি প্রতিবাদী গান সংকলিত হয়েছে। এ গানগুলো আন্দোলনের মাটিতে শুধু সুর নয়, ছিল সাহস, ছিল অঙ্গীকার।
এই প্রসঙ্গে মনজুর হোসেন বলেন,
“বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাস ছিল এক অনন্য অধ্যায়। সে সময় র্যাপারদের সাহসী কণ্ঠে উচ্চারিত গানগুলো লাখো ছাত্র-জনতার হৃদয়ে আগুন জ্বালিয়েছে। এই গানগুলো শুধু প্রেরণা জোগায়নি, আন্দোলনের শক্তি হয়ে উঠেছিল। দুঃশাসনের বিরুদ্ধে মিছিলের শ্লোগান হয়ে ছড়িয়ে পড়েছিল রাস্তায়-রাস্তায়। সেই প্রতিবাদী সুরগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে এই বই।”
বইটি প্রকাশ করছে গয়রহ প্রকাশনী।
‘জুলাইয়ের গান’ শুধু একটি গানের সংকলন নয়—এটি একটি আন্দোলনের দলিল, একটি সময়ের স্মারক।








