ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুধুমাত্র এ মাসেই এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১ হাজার ১৬১ জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু নিয়ে মোট ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬১ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বছরের প্রথম ৩১ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডিএসসিসিতে ২৩৬ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ডিএনসিসিতে ১৮৫ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।র








