নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসজুড়ে গণঅভ্যুত্থান স্মরণে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রযোজ্য অংশ অনুসারে অনুষ্ঠানমালার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ৭ জুলাই অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে পালনের উপযোগী বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।








