বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ আজও ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না।
বৃহস্পতিবার (১৫ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৪৯ বছর আগে মাওলানা ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নিয়েছিল পানির অধিকার আদায়ের লক্ষ্যে। কিন্তু সে সময়কার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়ে রূপ নিয়েছে।
ফখরুল বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষিজমি, জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভারতের পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের ওপরই হুমকি তৈরি করছে। এই পরিস্থিতিতে ফারাক্কা দিবস আজও প্রাসঙ্গিক এবং তা জনগণকে ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে উদ্বুদ্ধ করে।
বিএনপি মহাসচিব পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য ও আন্দোলনের আহ্বান জানান।








