মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর

ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর

ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী এবং সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তারা নির্মাণাধীন স্থাপনা ও বাড়ির অভ্যন্তরের আসবাবপত্র ভেঙে ফেলে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে রওশন এরশাদের পৈতৃক বাড়িটিকে ‘দালাল মহল’ বলে আখ্যা দিয়ে আসছিলেন বৈষম্যবিরোধীরা। বাড়িটি রেস্তোরাঁ ব্যবহারের জন্য ‘কুটুম বাড়ি’র মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নেন এবং সেখানে নির্মাণকাজ শুরু করেন।

তবে এই বাণিজ্যিক ব্যবহারের বিরোধিতা করে ২৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন, যেখানে বাড়িটির স্থলে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। কর্তৃপক্ষ তাদের দাবি আমলে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্মাণস্থলে হামলা চালায়।

সংগঠনের ময়মনসিংহ শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, “রওশন এরশাদ শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন। সেজন্য দালাল মহল হিসেবে চিহ্নিত এই বাড়িতে কোনো বাণিজ্যিক স্থাপনা হতে দেওয়া হবে না।” তিনি দাবি করেন, আগেই স্মারকলিপি দেওয়া হলেও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তারা ভাঙচুর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ালিদের নেতৃত্বে ছাত্ররা নির্মাণাধীন ইটের দেয়াল ভেঙে ফেলে এবং পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম। তিনি জানান, দালাল মহলের নামে আক্রমণ চালিয়ে শ্রমিকদের সরঞ্জামও নিয়ে গেছে হামলাকারীরা। তিনি দাবি করেন, এই হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল থেকে বৈষম্যবিরোধী নেতা হওয়া ওয়ালিদ আহমেদ।

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবন নির্মাণে ক্ষুব্ধ ছাত্ররা ভাঙচুর চালিয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “বাড়িটি ঘিরে ছাত্র ও জনসাধারণের ক্ষোভ রয়েছে। তাই সেখানে বাণিজ্যিক স্থাপনা করা ঠিক নয়। স্মারকলিপির বিষয়টি হয়তো দাপ্তরিক ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ