সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ যুবদল। ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়।
বাংলাদেশের পক্ষে একটি গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং অপর গোলটি করেন আশিকুর রহমান, যেটির অ্যাসিস্টও ছিল ফয়সালের। ম্যাচের ৭৩ মিনিটে ফয়সালের কর্নার থেকে আশিকুর দুর্দান্ত হেডে গোল করেন। ৮০ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল নিজেই গোল করে লিড দ্বিগুণ করেন।
নেপাল অবশ্য হাল ছাড়েনি। ৮৬ মিনিটে একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে খেলা শেষ করে জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা দুর্বল ছিল। নেপাল বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল এবং একবার গোলপোস্টে আঘাত করে ফিরেছে বল। গোলরক্ষক মাহিন কয়েকটি গোল ঠেকিয়ে বাংলাদেশকে প্রথমার্ধে রক্ষা করেন।
আগামী ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।








