শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে যেসব মোবাইল ফোন

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে আর চলবে না অবৈধ মোবাইল হ্যান্ডসেট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর পর থেকেই অবৈধ বা অনিবন্ধিত মোবাইলফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে গ্রাহকদের হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করার প্রক্রিয়া এবং কর্পোরেট গ্রাহকদের জন্য ডি-রেজিস্ট্রেশনের নিয়মও প্রকাশ করেছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর কার্যকর হলে বৈধভাবে নিবন্ধিত মোবাইলফোনগুলোই শুধুমাত্র নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। ফলে চোরাই বা অবৈধভাবে আমদানি করা মোবাইলফোনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করার প্রক্রিয়া
যদি কোনো গ্রাহকের হ্যান্ডসেট হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে তিনি নিজেই ফোনটি লক বা আনলক করতে পারবেন। এজন্য সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd), এনইআইআর মোবাইল অ্যাপ বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে ব্লক বা আনব্লক করা যাবে।

ইন্টারনেটবিহীন গ্রাহকদের জন্য সেবা
যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারাও এনইআইআর সেবা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ইউএসএসডি চ্যানেল বা ১২১ ডায়াল করে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআরের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা মোবাইল অপারেটরের সেবা কেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

বিটিআরসি বলছে, এনইআইআর সিস্টেম চালুর মাধ্যমে দেশে মোবাইল ফোন খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। এতে চোরাই মোবাইলের ব্যবহার বন্ধ হবে, একই সঙ্গে হারানো ফোন পুনরুদ্ধারের সম্ভাবনাও বাড়বে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের টেলিকম খাতে শৃঙ্খলা ফিরবে এবং গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ