পথে প্রান্তরে ডেস্ক
বরিশালের গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক মরহুম মো. সুমন বেপারীর রুহের মাগফেরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কর্মজীবনের সুবাদে দুবাই শহরে বসবাসরত গৌরনদী উপজেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মো. তারেক শরীফ, মো. রিয়াজ প্যাদা, রবিউল মোল্লা, রিপন সিকদার, দেলোয়ার আকন, সাদ্দাম সরদার, সাইম মোল্লা, রাজিব শরীফ, রায়হান শরীফ এবং আগৈলঝাড়া উপজেলার রিয়াজ সরদারের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম সুমন বেপারীর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
একই দিন মরহুমের নিজ বাড়িতেও অনুরূপ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গ্রামবাসী, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে সুমন বেপারী ইন্তেকাল করেন। পরদিন ৩১ আগস্ট সকাল ১০টায় জানাজা শেষে গেরাকুল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।








