,

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

ব্যুরো চীফ, বরিশাল

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম। সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন—পিআর পদ্ধতিতে ভোটাররা ব্যক্তি প্রার্থীকে নয়, বরং দলকে ভোট দেন। এ কারণে অনেকের ধারণা, ভোটাররা তাদের আসনে কে এমপি হবেন তা জানতে পারেন না।

বক্তারা দাবি করেন, বিষয়টি সঠিক নয়; বরং পিআর পদ্ধতিতে প্রতিটি আসনে জনপ্রিয় ব্যক্তিরাই এমপি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ, প্রত্যেক দলই সব আসনের জন্য প্রার্থী তালিকা প্রস্তুত করে রাখে।

বক্তারা আরও বলেন, ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া মানেই রাজনৈতিক অস্থিতিশীলতা নয়। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেন—ইতালিতে সরকার প্রায়ই বদলালেও দেশটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল নয়। অন্যদিকে বাংলাদেশে ১৯৮১ সাল থেকে সরকার প্রায় পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকেছে, কিন্তু দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল হয়নি।

তাদের মতে, যারা সামান্য জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা ভোগ করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে। চাঁদাবাজি, সন্ত্রাস, পেশিশক্তি নির্ভর অশুভ রাজনীতি এবং দেশের সম্পদ বিদেশে পাচারকারীরাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলে।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিআর পদ্ধতি হতে পারে একটি কার্যকর সমাধান।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, মহানগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচএম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ