বরগুনা প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বরগুনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু এবং বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল প্রমুখ।
সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদ, কালীবাড়ি মন্দির কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।
নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতীক। এ উৎসব সফল করতে সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তাঁরা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন, নিরাপত্তা ও আলো-ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন। পাশাপাশি যেকোনো সমস্যা হলে দ্রুত বিট অফিসার বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলেন।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের সহযোগিতায় এবারের দুর্গাপূজাও নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।








