বরগুনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দল পুনর্গঠন ও সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই কমিটি বরগুনার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় থাকা জেলা বিএনপিকে সক্রিয় ও সংগঠিত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “দলীয় নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এই দায়িত্ব। আমরা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।”
সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, “নির্বাচন, আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ড সামনে রেখে আমরা খুব দ্রুত সকল ইউনিটকে পুনর্গঠন করব।”
জেলা বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা ছাড়া বিকল্প নেই। নবগঠিত কমিটির ওপর নেতাকর্মীদের প্রত্যাশাও অনেক। দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ে পুনর্গঠনের কাজ শুরু করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা কমিটি ছাড়া সকল কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন দলের কর্মী-সমর্থকরা।








