রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বিঘ্নে উৎসব করবেন, আমরা নিরাপত্তা দেবো : আবদুস সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

“আপনারা নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজার সব অনুষ্ঠান পালন করবেন। বিএনপির নেতাকর্মীরা আপনাদের সর্বধরনের নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত থাকবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য এমন কঠোর নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

রবিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী বন্দরের ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তারেক রহমান স্পষ্ট বলেছেন—এ দেশে কোনো ধর্মের মানুষকে ভেদাভেদ করে দেখা হবে না। আমরা সবাই মিলেমিশে বসবাস করব। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।”

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আবদুস সোবহান। তিনি সভায় জানান, তারেক রহমানের নির্দেশে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার শেষপর্যন্ত আমি নিজেই আপনাদের সঙ্গে অবস্থান করব, যাতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সমাজের কিছু দুষ্কৃতকারী যেন অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”

গৌরনদী বন্দর দুর্গা মন্দির কমিটির সভাপতি বঙ্কিম চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা রবি শংকর রায়, সজল ঘোষ, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ