ব্যুরো চীফ, খুলনা
খুলনা মহানগরীর মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হলে বাসিন্দারা প্রতিবাদ করেন। তারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল ১১টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। স্থানিরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে পরে টিয়ারসেল নিক্ষেপ করে। উচ্ছেদ অভিযানে নেওয়া বুলডোজারও ভাঙচুর করা হয়।
বাসিন্দারা দাবি করেন, পুনর্বাসনের ব্যবস্থা না হলে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করা হবে না। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, মুজগুন্নির এই বাস্তুহারা কলোনিতে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করলেও ৩৫ বছর পার হয়ে এখনও ৪২ প্লট মালিক জায়গা বুঝে পাননি।








