,

স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি-জিয়া পরিবারই ভরসা: হেলাল

ব্যুরো চীফ, খুলনা 

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় একমাত্র বিএনপি ও জিয়া পরিবারই ভরসা।

তিনি অভিযোগ করেন, একটি দল ও তাদের সহযোগীরা কাল্পনিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। বড় বড় নেতারা নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই তৃণমূলের জনপ্রিয় নেতাদের আসন দখলের চেষ্টা করছে। তারা পিআর পদ্ধতি ছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি নয়। অন্যদিকে পলাতক ‘ফ্যাসিস্ট’ হাসিনা ভারতে বসে বলছে, ড. ইউনুসের অধীনে কোনো নির্বাচন করতে দেবে না। এজন্য তারা ষড়যন্ত্র করছে। জামায়াতের সঙ্গে মিলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি নির্বাচন না হয় বা পিছিয়ে যায়, তবে দেশ চরম সংকটে পড়বে। এর আগে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ড. ইউনুস তা সমাধান করেছিলেন।

আজ রোববার বিকেলে খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর। জনসভায় আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ