বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চেয়ার ছেড়ে ফ্লোরে বসে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

ব্যুরো চীফ, বরিশাল 

অতিথিদের জন্য চেয়ার-টেবিল ও দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল মন্দির আঙিনার পাকা ফ্লোরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

অনুষ্ঠানস্থলে গিয়ে এ দৃশ্য দেখে চেয়ার ছেড়ে দর্শকদের সঙ্গে ফ্লোরে বসে মতবিনিময় করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তার এ উদারতায় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জানা গেছে, বরিশাল বিভাগের সর্বাধিক পূজামণ্ডপ থাকা আগৈলঝাড়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ২১ সেপ্টেম্বর দুপুরে মতবিনিময় সভা করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৫৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক দীনেশ হালদারের কাছে ১৫৯টি পূজামণ্ডপের জন্য নগদ দুই লাখ টাকা অনুদান প্রদান করেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন—তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি গোষ্ঠীর কিছু সন্ত্রাসী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে। কিন্তু দুর্গাপূজার উৎসব বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ এ উৎসব নিয়ে রাজনীতি করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহবুবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাপ্পী পান্ডে, হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, সাবেক শিক্ষক প্রফুল্ল হালদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ