স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ছোট হরিণা এলাকায় দরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। বরকলের ভূষণছড়া ও হরিণা এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি দরিদ্র জনগণের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সহায়তার মধ্যে ছিল গবাদিপশু, সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী, ঘর ও মসজিদ মেরামতের জন্য অনুদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট হরিণা ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভূষণছড়া ও হরিণায় বসবাসরত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে নিয়মিত কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।








