ব্যুরো চিফ, বরিশাল
মেয়েকে মারধরের ঘটনায় জামাতার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে প্রাণ গেল শাশুড়ি রিনা বেগমের (৪৫)। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায়। নিহত রিনা বেগম হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী চলন্ত বাসের ভেতর থেকে মাথা বের করায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগমের মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিনা বেগমের বড় মেয়ে তানিয়া আক্তার জানান, সোমবার দুপুরে তিনি ও তার মা বরিশালের উদ্দেশ্যে হিজলা থেকে মুজাহিদ পরিবহনের বাসে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌঁছালে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা দেন। এ সময় বাসটি আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে যায়। এতে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিনা বেগমের স্বামী রিপন হাওলাদার জানান, তার মেয়ে জামাতা প্রায়ই তার মেয়েকে মারধর করে। এজন্য জামাতার বিরুদ্ধে মামলা করতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তার স্ত্রী বরিশালে যাচ্ছিলেন।








