ব্যুরো চিফ, বরিশাল
গত পাঁচ মাসে বরিশালের গৌরনদী উপজেলার দুইজন ইউএনওকে বদলি করা হয়েছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এমনকি উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেও বদলি ঠেকানো সম্ভব হয়নি।
সূত্রমতে, নিজ কর্মগুণে গৌরনদী উপজেলাবাসীর কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিকভাবে তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলি করা হয়। তার বদলি ঠেকাতে উপজেলা চত্বরে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হলেও বদলির আদেশ প্রত্যাহার হয়নি।
পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ শুরু করেন। জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে তিনি অল্প কয়েকদিনের মধ্যেই জনমানুষের মনে স্থান করে নেন।
তবে যোগদানের মাত্র পাঁচ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠির রাজাপুর উপজেলায় বদলি করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) তার শেষ কর্মদিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অপরদিকে ইউএনও রিফাত আরা মৌরির বদলির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুইজন জনপ্রিয় ইউএনওর বদলিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। তবে ওই দুইজন ইউএনওর বদলি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন।
এ বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয়ের পৌর শাখার সহসভাপতি খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের বদলির পর আমরা তার মতোই আরেকজন দক্ষ নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে নিজে অভিযান চালিয়ে সফলতা অর্জন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা রেখে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরিকেও আকস্মিকভাবে বদলি করা হলো। তার এ বদলিতে আমরা হতবাক।
গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি রুটিন অনুযায়ী হয়ে থাকে। পূর্বের দুইজন ইউএনও জনগণের স্বার্থে কাজ করেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগণের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করছি।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, আবু আবদুল্লাহ খান ও রিফাত আরা মৌরি ভালো অফিসার ছিলেন। তাদের বদলিও স্বাভাবিকভাবেই হয়েছে। এখানে অন্য কোনো কারণ নেই। গৌরনদীতে এখন যে অফিসার যোগদান করবেন তিনিও খুব ভালো কর্মকর্তা।








