আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে মারধর করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা শিপন সরকারকে (৩০) হাত-পা বেঁধে রাখে এবং অপর দুই ভাই শাকিল সরকার (৪০) ও শামীম সরকারকে (৩৭) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় শাকিল সরকার ও শামীম সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতের কবলে পড়া শিপন সরকার জানান, ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল ভবনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তার হাত-পা বেঁধে মারধর করে এবং দুই ভাই শাকিল ও শামীমকে অস্ত্রের মুখে জিম্মি করে চাপাতি দিয়ে শাকিলের মাথায় ও শামীমের হাতে কোপ দেয়। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখের বেশি টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”








