,

বিরোধপূর্ণ জমিতে ফিলিং স্টেশন: কার্যক্রম স্থগিতের নির্দেশ

ব্যুরো চিফ, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ ‘আরিফ ফিলিং স্টেশন’ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিপক্ষ কটকস্থল গ্রামের মো. হিরা মাঝি ওই জমির মালিকানা নিয়ে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিচারক বিরোধপূর্ণ জমির ওপর সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মো. হিরা মাঝি তার জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ফিলিং স্টেশনে যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। এ নিয়ে প্রতিপক্ষ হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝির পক্ষের লোকজনদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গৌরনদী উপজেলার তাঁরাকুপি মৌজার বিএস খতিয়ান নং ২৯৫ এর ৫৮ শতক জমি নিয়ে ২০১৬ সালে জমির মালিকানা নিয়ে ওই গ্রামের হারুন-অর রশিদ বেপারী ও আব্দুল লতিফ বেপারী গংকে বিবাদী করে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মো. হিরা মাঝি। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৭ জুলাই ঘোষিত রায়ের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়।

পরবর্তীতে চলতি বছরের ৪ আগস্ট নথি তলব ও যাচাই-বাছাই শেষে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ ফারুক হোসেন বিরোধপূর্ণ ৫৮ শতক জমিতে ডিক্রির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মো. হিরা মাঝি জানান, ২৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের রায় হাতে পাওয়ার পর আরিফ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার জন্য হারুন-অর রশিদ বেপারীকে অনুরোধ করা হয়। কিন্তু হারুন-অর রশিদ আদালতের নির্দেশ অমান্য করে ফিলিং স্টেশনের কার্যক্রম চলমান রাখেন। পরবর্তীতে বুধবার রাতে আরিফ ফিলিং স্টেশনের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দেয়া হয়, ফলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এই বিষয়ে হারুন-অর রশিদ বেপারীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন,

“৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যেপক্ষ বেড়া দিয়েছে তারা জানিয়েছেন—বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত জমির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। পরবর্তীতে উভয়পক্ষকে উত্তেজিত না হয়ে কাগজপত্র নিয়ে থানায় এসে সমাধান করতে বলা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ