ব্যুরো চীফ, খুলনা
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, শহরের জলাশয়গুলো ধাপে ধাপে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মশার বংশবিস্তার রোধ, পরিবেশ উন্নয়ন এবং জলাশয়গুলোকে ব্যবহারোপযোগী করে তোলা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর জলাশয়ে মাছ অবমুক্ত করা হবে। এটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সবার জন্য উন্মুক্ত থাকবে। এলাকার দরিদ্র মানুষ যেন বিনামূল্যে মাছ ধরতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর থানার ২১ নম্বর ওয়ার্ডের গ্রীন লাইন বস্তির একটি জলাশয়ে কচুরিপানা ও আবর্জনা অপসারণ এবং পয়ঃনিষ্কাশন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তুহিন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জনকল্যাণমূলক কাজে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারেক রহমান সবসময় উৎসাহ প্রদান করেন। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক হবে, তেমনি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘস্থায়ী অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে. এম. হুমায়ুন কবীর, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নুরুল ইসলাম, আলতাফ হোসেন খান, মাস্টার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহজাহান, বারেক আহমেদ, রুবেল জমাদ্দার, মিজানুর রহমান, সাহানা রহমান, কামাল আহমেদ, বেল্লাল, লতিফ শিকদার, আরিফ প্রমুখ।
এদিকে, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাগমারা মেইন রোডস্থ মসজিদ-এ-দারুস সালামে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে. এম. হুমায়ুন কবীর, বিএনপি নেতা ইশতিয়াক উদ্দিন লাভলু, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, জিয়াউর রহমান খান আপন, হেলাল ফারাজি, ফয়েজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি সামশেদ হোসেন আবিদের মায়ের মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারের কাছে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন।








