শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে কর্মশালার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চলের টিম সদস্য মো. রেজাউর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে জনগণের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। মানুষের কাছে গিয়ে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরতে হবে।”

প্রধান বক্তা রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই নির্বাচনী মাঠে জয়ের মূল শক্তি। তাই প্রতিটি কর্মীকে দ্বারে দ্বারে গিয়ে জনগণকে আমাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. মিনহাজুল ইসলাম বলেন, “সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি মানুষের কাছে পৌঁছে দিতে হলে প্রার্থীদের পাশাপাশি প্রতিটি কর্মীকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনী কর্মশালা সেই প্রস্তুতিরই অংশ।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি সংগঠনের অস্তিত্ব রক্ষারও লড়াই। তাই সবাইকে শৃঙ্খলার সাথে মাঠে কাজ করতে হবে।”

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং মাঠপর্যায়ের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। উক্ত কর্মশালায় দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ৬৩টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ