ব্যুরো চিফ, বরিশাল
বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন কৃষকদল নেতা নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এ ঘটনা ঘটে।
তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার।
নিহত আব্দুল লতিফ (৫৫) ছিলেন সৈয়দকাঠি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, আসরের নামাজ পড়ে আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেওয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে তার তর্ক হয়।
একপর্যায়ে দেলোয়ার ঘরামী আব্দুল লতিফকে সজোরে কানে চড় দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ আরও ৭-৮ জন মিলে তাকে মারধর করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বলেন, “রাজনৈতিক বিষয় নিয়ে তর্কের জেরে মারধরে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।








