ব্যুরো চীফ, বরিশাল
মসজিদে নামাজ আদায়ের পর আতিকুর রহমান কুতুব বের হয়ে দেখেন তার শখের মোটরসাইকেলটি গায়েব (চুরি) হয়ে গেছে। তাৎক্ষণিক তিনি এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
অতঃপর থানা পুলিশের অনুরোধে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে যন্ত্রাংশ খোলা অবস্থায় চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এবং র্যাব-১০ এর সদস্যরা।
ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলের খোলা যন্ত্রাংশসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে—আটককৃতরা হলো গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম রনি এবং মাহিলাড়া এলাকার রনজিত মণ্ডলের ছেলে খোকন মণ্ডল। এর মধ্যে খোকন মণ্ডল মাহিলাড়া বাজারের মোটরসাইকেল মেকানিক।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা মডেল মসজিদে নামাজ আদায়ের পর বের হয়ে জনৈক আতিকুর রহমান কুতুব দেখতে পান তার মালিকানাধীন সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩) চুরি হয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় তাৎক্ষণিক আতিকুর রহমান কুতুব পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে দ্রুততম সময়ে র্যাব-৮ ও র্যাব-১০ তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, অভিযুক্তরা মোটরসাইকেলটি খুলে যন্ত্রাংশগুলো বিক্রির চেষ্টা করছে।
পরবর্তীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডের খোকন মণ্ডলের মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে সম্পূর্ণ খোলা অবস্থায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধারসহ চুরি ও চোরাই মালামাল ক্রয়ের সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে র্যাব-৮ এর সদস্যরা আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. আমির হোসেন জানিয়েছেন, মোটরসাইকেল চুরির ঘটনায় যেহেতু পাংশা থানায় মামলা হয়েছে, তাই আটককৃতদের পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।








