ব্যুরো চীফ, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোহেলকে বাড়ি ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে।
নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, গত ১৫ দিন আগে তার একটি সন্তান জন্ম নিয়েছে। সে কারণে তিনি শনিবার বাবার বাড়িতে ছিলেন। ওইদিন দিবাগত রাত ১১টার সময় একই গ্রামের শাহীন হাওলাদার তার স্বামী সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাত ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।
তিনি আরও জানান—পরিকল্পিত হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে রাত একটার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করা হয়। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তরমুজ চাষের জন্য গত বছর তার স্বামী সোহেল খানের কাছ থেকে উত্তর কবাই গ্রামের মান্নান হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার চরকবাই এলাকায় কয়েক বিঘা জমি লিজ নেয়। এ বছর ওই জমি লিজ না দিয়ে সোহেল নিজেই চাষাবাদ করেন। এ ঘটনায় শাহীন হাওলাদার প্রায় দুই শতাধিক মহিষ এনে তাদের জমির ফসল নষ্ট করে। এনিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে শনিবার রাতে শাহীন হাওলাদার পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।
সপ্তম শ্রেণিতে পড়ুয়া নিহতের মেয়ে ফাতিমা আক্তার জানান, তার বাবা একজন কৃষক, ডাকাত নন। অথচ তরমুজ চাষের জমি লিজ না দেওয়ায় শাহীন হাওলাদার পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার দিবাগত রাত পৌনে চারটার সময় ৯৯৯-এ একটি কল আসে চরকবাই গ্রামে একজন ডাকাত আটক রাখা হয়েছে।
এ সংবাদ পেয়ে তিনি নিজে থানার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ওসি আরও বলেন—নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় শাহীন হাওলাদার পরিকল্পিতভাবে সোহেল খানকে হত্যা করেছে। দুটো বিষয় গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








