বরগুনা প্রতিনিধি
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বরগুনায় উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনার কেন্দ্রীয় আখড়াবাড়ি মন্দির পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।
পরিদর্শনকালে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “আমি স্পষ্টভাবে কথা বলি—এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ শব্দ বলে কিছু নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।”

তিনি আরও বলেন, “প্রায়ই আমরা রসিকতার ছলে বলি, কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তাহলে কি আমরা বলি তারা ‘সংখ্যালঘু পরিবার’? না, বলি না। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দটি ব্যবহার করা হবে? আমাদের সকলকে মিলে এই ধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব আমাদের সেই পথের পাথেয় হয়ে থাকবে।”
এ সময় মন্দির প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, কাশেম হাওলাদারসহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।








