ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে চারজনকে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এর আগে একইদিন সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
রাতে গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—মহানগর আওয়ামী লীগের সদস্য মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং কোতোয়ালি মডেল থানার হাজতখানা থেকে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জয় সাহা। সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার হন ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খান।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজনকে এবং মাদক মামলায় গ্রেপ্তারের পর কৌশলে থানা থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা জয় সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।








