শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

পথে প্রান্তরে ডেস্ক 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। এতে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, রাজনৈতিক সংস্কার, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার দায়বদ্ধতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষাবাদী শুল্কনীতি, এবং মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন,
“আগামী কয়েক মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য আপনার সমর্থন আমাদের প্রয়োজন।”

অধ্যাপক ইউনূস অভিযোগ করে বলেন, অপসারিত শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীরা চুরি করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। “তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহলও তাদের পৃষ্ঠপোষকতা করছে,” যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার এজেন্ডায় জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘের অব্যাহত প্রচেষ্টার কথা স্মরণ করান।

তিনি গত ১৪ মাসে বাংলাদেশের কঠিন এই রূপান্তর প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি আপনার নেতৃত্বকে সম্মান করি এবং কৃতজ্ঞতা জানাই।”

অধ্যাপক ইউনূস জাতিসংঘ মহাসচিবকে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজন বিশ্বকে রোহিঙ্গা সংকটের প্রতি সচেতন রাখবে এবং শরণার্থী শিবিরে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতিসংঘ মহাসচিবও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ