,

জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি উত্তরণের প্রস্তুতি যাচাইয়ে সহায়তা করবে

পথে প্রান্তরে ডেস্ক 

বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পথে কতটা প্রস্তুত—তা যাচাই করতে জাতিসংঘ একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনা করবে। দেশের অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতেমা সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে এ মূল্যায়ন শুরু হবে এবং আগামী জানুয়ারির মধ্যেই শেষ করা হবে।

আন্তর্জাতিক একজন পরামর্শক ও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ যৌথভাবে এ কাজ করবেন। মূল্যায়নে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।

অধ্যাপক ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এলডিসি উত্তরণ এখন অনেকটা আবেগের বিষয়ে পরিণত হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ থাকা জরুরি।”

রাবাব ফাতেমা বলেন, জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরের বেশি পুরনো। “এই সময়ে অনেক কিছু বদলে গেছে। তাই নতুন করে যাচাই করা এখন সময়ের দাবি,” যোগ করেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওষুধশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এলডিসি সুবিধার কারণে আমাদের ফার্মাসিউটিক্যাল খাত ব্যাপকভাবে উপকৃত হয়েছে। উত্তরণের পর সুরক্ষা ব্যবস্থা না থাকলে খাতটি ঝুঁকির মুখে পড়তে পারে।”

২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন রাবাব ফাতেমা, যিনি জাতিসংঘে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা। বৈঠকে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কীভাবে জাতিসংঘে চাকরির সুযোগ পেতে পারে সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর উপায় জানতে চান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “এই স্বাধীন মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে স্পষ্ট হবে বাংলাদেশ আসলেই কতটা প্রস্তুত এলডিসি থেকে উত্তরণের জন্য। আগামী এক মাসের মধ্যেই কাজ শুরু হবে এবং জানুয়ারিতে শেষ হবে।”

সূত্রঃ বাসস 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ