বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সিদ্দিক (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে পাথরঘাটা বলেশ্বর নদীর বিহঙ্গদ্বীপ এলাকা থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে সিদ্দিক বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে ধানসীর ভেতরে লাশ ভাসতে দেখে। পরে পরিবারের সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহতের শরীরে তিন-চারটি ফোসকার দাগ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। উল্লেখ্য, সিদ্দিকের বাবা ১০ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
সিদ্দিকের স্ত্রী মনিরা আক্তার বলেন, প্রতিদিনের মতো ওই রাতেও স্বামী মাছ ধরতে গিয়েছিলেন। ভোরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে নদীতে তার নৌকা পাওয়া গেলেও কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার দুপুরে অন্য জেলেরা তার লাশ দেখতে পান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বলেশ্বর নদীতে নিখোঁজ জেলের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছিল। বিকেল ৩টার দিকে স্থানীয় এক জেলে বিহঙ্গদ্বীপ এলাকায় লাশ দেখতে পেয়ে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








