ব্যুরো চীফ, বরিশাল
খুলনার বসুপাড়ায় ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরীর বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন খান পেশায় একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, দুপুরে লিটনের স্ত্রী অফিসে গেলে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী বাসায় ছিলেন। রাত ১১টার দিকে বাসায় ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তখন তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছেন। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








