খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা এখন চরম ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, একটি টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।








