বরগুনা প্রতিনিধি :
এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক বরগুনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইসলামী ব্যাংকের বিভিন্ন গ্রাহক।
গ্রাহকরা মানববন্ধনে কয়েকটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করা,
২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া,
৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ-কোটি টাকা ফেরত আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে এস আলমের দায়-দেনা সমন্বয়ের উদ্যোগ নেওয়া,
৪. যেসব ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তি মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ও সুখ্যাতি নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অন্যতম সদস্য মো. আবু হাসানের নেতৃত্বে মানববন্ধনে স্থানীয় বহু গ্রাহক বক্তব্য রাখেন।
বরগুনার সুনামধন্য স্থানীয় পত্রিকা দ্বীপাঞ্চল-এর প্রকাশক ও সম্পাদক মো. মোশারেফ হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অর্থনীতি ধ্বংসের সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য এস আলম নানা চেষ্টা চালিয়ে তার অনুসারীদের অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। গ্রাহকরা ইসলামী ব্যাংককে টিকিয়ে রেখেছেন, প্রবাসীরাও এতে বড় ভূমিকা রেখেছেন।”
তিনি বক্তব্যে সকল গ্রাহককে ধন্যবাদ জানান।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মানববন্ধনে এস আলম কর্তৃক সংঘটিত সকল অন্যায়ের বিচার দাবি করেন।








