ব্যুরো চীফ, বরিশাল
২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্ত এবং মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা টরকী বন্দরস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন—ব্যাংকিং খাতে নির্দিষ্ট অঞ্চলে একচ্ছত্রভাবে অবৈধ নিয়োগ প্রদানের প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে।
পাশাপাশি দেশের সব অঞ্চলে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষাধিক কোটি টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের জব্দকৃত অর্থ-সম্পদ ব্যবহার করে তার দায়-দেনা সমন্বয় করতে হবে। ব্যাংকের সুনাম ক্ষুণ্নকারী মিথ্যা তথ্য ও অপপ্রচারে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা জোর দাবি জানান।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে খলিল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—হাফেজ মোখলেসুর রহমান, শওকত হোসেন, বাবুল কাজী, নাসির উদ্দিন, ইমরান তালুকদার, হানিফ সরদার প্রমুখ।
সমাবেশে অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করেন, ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতি প্রতিরোধ করা না হলে দেশের আর্থিক নিরাপত্তা সংকটে পড়বে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাবে।








