বরগুনা প্রতিনিধি:
বরগুনা আদালত প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের পাশাপাশি নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নারসহ বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম) এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান বলেন, “ন্যায়কুঞ্জ নির্মাণের মাধ্যমে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।” এ সময় তিনি আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিচারপতি জে. বি. এম. হাসান বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বরগুনায় বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের জন্য অবকাঠামোগত উন্নয়নে তিনি ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের স্থান নির্বাচন সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ-১ কাজী আশরাফুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ দেবব্রত বিশ্বাস, সিনিয়র সহকারী জজ এম. এ. আজহারুল ইসলাম, সহকারী জজ আরিফ হোসেন, মোহা. রানা শেখ, সেলিনা আক্তার এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিনসহ স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এর আগে, ২০২৩ সালের ২ জুন বিচারপ্রার্থীদের জন্য আধুনিক এই বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।








