,

সাংবাদিক জিয়াদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

চট্টগ্রামের সাংবাদিক হোসাইন জিয়াদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাঙামাটিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে “এখন টেলিভিশনের” চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজ সন্ত্রাসীদের হামলার শিকার হন।

এই ঘটনার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটির সাংবাদিক সমাজ একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করে।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এস. এম. সামশুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, এবং রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর সর্বশেষ উদাহরণ চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলা। তারা দ্রুত সময়ের মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ