ব্যুরো চীফ, খুলনা
দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, এ দেশ আমাদের সবার দেশ। আমরা কেউ কচুরিপানার মতো এই দেশে ভেসে আসিনি। সবাইকে নিয়েই এই দেশকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “দায়িত্ব নিয়ে আমি খুবই বিব্রত ও কষ্টে আছি। ভাবছি, এসব ছেড়ে কখন চলে যাবো। কিন্তু এই চেয়ারের দায়িত্ব নেওয়ার জন্য যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে, তারা তো ফেরেশতা! এমন মানুষ যেন দেশের দায়িত্ব নেয়, সেই চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “আগামীতে দল-মত নির্বিশেষে দেশের মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তেমন একটি নির্বাচনের চেষ্টা চলছে। এর সঠিক বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার রাতে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় খুলনা বিভাগের কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আমিন মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজাওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।








