ব্যুরো চীফ, বরিশাল
জনরায়কে মূল্যায়ন করে অবিলম্বে পিআর পদ্ধতিসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পাঁচ দফা দাবি আদায় উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয়নি, এসব নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জনরায় প্রতিফলিত হয়নি।
এজন্য জামায়াতে ইসলামী প্রচলিত পদ্ধতির নির্বাচনে বিরোধিতা করছে। পিআর হলে ১০টা হুন্ডা ২০টা গুন্ডার নির্বাচন আর হবে না।
এ কারণে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পিআর মেনে নিতে চাচ্ছে না। মানবাধিকার, ভোটের অধিকার ও দেশের জনগণের মতামত অনুযায়ী দেশ চালানোর জন্যই এই ছাত্রজনতা জীবন দিয়েছে।

সেই জনরায়কে উপেক্ষা করে সরকার যদি কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচনের দিকে হাঁটে, তবে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, এ দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বরিশাল শহরের আপামর জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান সুজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।
সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে টাউন হল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইনরোড হয়ে আবার টাউন হলের সামনে এসে শেষ হয়।








