ব্যুরো চীফ, বরিশাল
বরিশালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্যাট শো। শহরের নতুন বাজার এলাকার সপ্তবর্না কমিউনিটি সেন্টারে এ শো এর আয়োজন করা হয়।
‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ এর আয়োজনে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ৫০টি বিড়াল তাদের অভিভাবকের সাথে র্যাম্প শো, কিউট ক্যাটসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়।
চোখে চশমা, বর্ণিল পোশাক, কপালে টিপ আর বাহারি সাজে সেজে লালগালিচায় ক্যাটওয়াক করে আদরের বিড়ালগুলো।
পুচি, অরিও, ওডি, চিম্মি, কিটি, স্নোফি, চেরি, ভ্যানিলাসহ নানা নামের বিড়াল অংশ নেয় ‘যেমন খুশি তেমন সাজ’ এবং প্রদর্শনী ও র্যাম্প শোতে।
বিড়ালের অভিভাবকদের পাশাপাশি এই ভিন্নধর্মী আয়োজন দেখতে দর্শনার্থীরা ভিড় করেন। আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার আশা প্রকাশ করেছেন।
বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম জানিয়েছেন-এই ধরনের আয়োজন বিশেষ করে শিশুদের মানসিকভাবে প্রাণীদের প্রতি আরও সদয় হতে সাহায্য করে। তিনি পশু-পাখি নিয়ে এমন আয়োজন বারবার করার জন্য আয়োজকদের প্রতি আহবান করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার বরিশালে ক্যাট শো অনুষ্ঠিত হয়। এবারের দ্বিতীয়বারের আয়োজনে পাঁচটি ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ক্যাট ফুডের জন্য সাতটি স্টল ছিল। বিড়াল ও তাদের অভিভাবকদের জন্য এমন মনোমুগ্ধকর আয়োজনে অংশ নিতে পেরে খুশি বিড়ালপ্রেমীরা।








