সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এএফওএমপির সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. হাসিন অনুপমা

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক

এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্স (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিক্যাল ফিজিক্স বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি।

এএফওএমপির ইতিহাসে এটি একটি মাইলফলক অর্জন—প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন ড. অনুপমা। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই স্বীকৃতি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নারী বিজ্ঞানীদের অবদানকে আরও উজ্জ্বল করে তুলবে।

২০২৫–২০২৮ মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এএফওএমপি হচ্ছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি দেশের মেডিক্যাল ফিজিক্স সংগঠনের সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন, যা এই অঞ্চলে মেডিক্যাল ফিজিক্সের মান উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করে।

ড. হাসিন অনুপমা আজহারি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক ও অধ্যাপক। তিনি পূর্বে গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথেমেটিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী মেডিক্যাল ফিজিসিস্ট এবং দেশের একমাত্র মেডিক্যাল ফিজিক্স কোর্সের প্রথম নারী চেয়ারম্যান।

নতুন এই অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. অনুপমা বলেন,

“এএফওএমপির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য শুধু সম্মান নয়, বরং বাংলাদেশের মেডিক্যাল ফিজিক্স ক্ষেত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ। আমাদের দেশে ক্যানসার চিকিৎসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, গবেষণা, শিক্ষা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি ক্যানসার রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি কোণে মেডিক্যাল ফিজিক্সের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ বিজ্ঞানীদের—বিশেষ করে নারীদের—এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করা।”

উল্লেখ্য, ড. হাসিন অনুপমা গত সাত বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে সরকারি পর্যায়ে ‘মেডিক্যাল ফিজিসিস্ট’ পদ সৃষ্টির আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি তিনি দেশি-বিদেশি একাধিক সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং দেশের ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ