ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, পিআর ও গণভোটের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। একটা রাজনৈতিক দল চায় না দেশে জাতীয় নির্বাচন হোক। তারা একবার বলেন পিআর, আবার বলেন গণভোট। তারা কখন কী বলেন—তা তারা নিজেরাই জানেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন—বিএনপি সবসময় একটা কথাই বলে আসছে যে, নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি।
মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু মোল্লা, অধ্যাপক মনিরুজ্জামান মনির, সিহাব হোসেন, সদস্য ফজলুল হক সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব সফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল প্রমুখ।
শেষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন দলীয় নেতাকর্মীদের নিয়ে সফিপুরের ছনের স্কুল ও শেরে বাংলা বাজারে গণসংযোগ, নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সবশেষে তিনি ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার হুমায়ুন কবির এবং জুলাই আন্দোলনে শহীদ সিফাত হোসেনের কবর জিয়ারত করেন।








