ব্যুরো চীফ, খুলনা
খুলনা মহানগরীতে টাইফয়েড জ্বর সংক্রমণ প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ কেসিসি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার খুলনা মহানগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ১ লাখ ৭২ হাজার ৩৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২৫২ জন টিকাদানকর্মী এবং ৩৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে কেসিসি।








