স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির লংগদু জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব সিগারেট দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মারিশ্যা থেকে খেদারমারা হয়ে দুরছড়ি ও পাবলাখালী এলাকার মধ্য দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়িতে অবৈধ পথে ভারতীয় সিগারেট পাচার করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে লংগদু জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় জোন টুআইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্ত্বাবধানে সাবজোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকের নেতৃত্বে দুটি বিশেষ অপারেশন দল ১০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে লেম্বুছড়ি মদনঘাট এলাকায় পৌঁছায়।
অপারেশন দল দুটি চার ভাগে বিভক্ত হয়ে গোপনে ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত ১০টার সময় সন্দেহভাজন একটি নৌকা নদীর ঘাটে দেখা দিলে টহল কমান্ডার রফিক নৌকাটি আটকানোর চেষ্টা করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঝড়-বৃষ্টির মধ্যে নৌকাটি নিয়ে পালিয়ে যায়। পরে নদীর চরের মাঝখান থেকে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
ঘটনাটি রোববার (১২ অক্টোবর) এলাকাজুড়ে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়। সেনাবাহিনীর এ সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ পণ্যের চোরাচালান রোধে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।








