সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বরগুনায় স্বেচ্ছাসেবকদের নাটিকা ও মহড়া

বরগুনা প্রতিনিধি

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, নাটিকা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, “দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগই টেকসই প্রতিরোধ গড়ে তুলতে পারে। এজন্য প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।”

আলোচনা সভা শেষে জাগোনারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের সহযোগিতায় বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা ‘দুর্যোগ সহনশীল গ্রাম ও শহর’ মঞ্চস্থ হয়। নাটিকায় দুর্যোগপূর্ব প্রস্তুতি, দ্রুত সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও সহনশীল সম্প্রদায় গঠনের বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম করে তুলবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ